জেট ফুয়েলের দাম কমালো বিইআরসি: লিটারে কমছে প্রায় ২২ টাকা
টানা তিন দফায় মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের অভ্যন্তরীন ও আন্তর্জাতিক রুটে চলাচলকারী উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট এ-১ (অ্যাভিয়েশন ফুয়েল)-এর দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (৭ মে) বিইআরসি কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন দর নির্ধারণ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, লিটার প্রতি জেট ফুয়েলের দাম প্রায় ২২ টাকা কমানো হয়েছে। নতুন এই নির্ধারিত মূল্য আজ ৭ মে রাত ১২টা থেকেই কার্যকর হবে।
নতুন নির্ধারিত মূল্যতালিকা: বিইআরসি’র বিজ্ঞপ্তিতে গ্রাহকশ্রেণি অনুযায়ী নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে:
১. অভ্যন্তরীণ ফ্লাইটের বাংলাদেশি ক্রেতাদের জন্য: শুল্ক ও মূসকসহ প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৫.৪৫ টাকা। চট্টগ্রাম, ঢাকা, যশোর, সিলেট ও কক্সবাজার বিমানবন্দরসহ ভবিষ্যতে চালু হতে যাওয়া সকল বিমানবন্দরের জন্য এই দর প্রযোজ্য হবে।
২. আন্তর্জাতিক ফ্লাইটের দেশি/বিদেশি ক্রেতাদের জন্য: শুল্ক ও মূসক মুক্ত অবস্থায় প্রতি লিটার জ্বালানির দাম নির্ধারণ করা হয়েছে ১.৩৩৩৫ মার্কিন ডলার।
কেন এই দাম সমন্বয়? বিইআরসি জানিয়েছে, ২০০৩ সালের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইনের ২২(খ) ও ৩৪ ধারার ক্ষমতাবলে এই দাম সমন্বয় করা হয়েছে। মূলত ৫ এপ্রিল ২০২৬ থেকে ৪ মে ২০২৬ পর্যন্ত সময়ে আন্তর্জাতিক বাজারে জেট এ-১ এর প্রকাশিত ‘প্লাটস রেট’ (Platts Rate)-এর গড় বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বস্তির আভাস এভিয়েশন খাতে: গত কয়েক দফায় জেট ফুয়েলের দাম লিটারে মোট ১৩২ টাকা বৃদ্ধি পাওয়ায় চরম সংকটে পড়েছিল দেশীয় এয়ারলাইন্সগুলো। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া সাধারণ যাত্রীদের নাগালের বাইরে চলে যাচ্ছিল। লিটারে প্রায় ২২ টাকা কমানোর এই সিদ্ধান্ত এভিয়েশন খাতের জন্য বড় ধরণের স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর ফলে বিমান ভাড়া কিছুটা কমে আসার সম্ভাবনাও তৈরি হয়েছে।
বিইআরসি-র সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এই আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

