ডায়াবেটিস রোগীদের দৈনিক খাদ্যতালিকা: সকাল থেকে রাত পর্যন্ত কী খাবেন?
ডায়াবেটিস বর্তমানে বিশ্বের অন্যতম সাধারণ দীর্ঘমেয়াদি রোগ। বাংলাদেশেও দিন দিন ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে শুধু ওষুধ নয়, সঠিক খাদ্যাভ্যাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিনের খাবার পরিকল্পনা যদি সুষম ও স্বাস্থ্যসম্মত হয়, তাহলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয়ে যায়।
পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, ডায়াবেটিস রোগীদের এমন খাবার বেছে নিতে হবে যা ধীরে ধীরে হজম হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় না। একই সঙ্গে পর্যাপ্ত প্রোটিন, আঁশ, ভিটামিন ও খনিজ উপাদানযুক্ত খাবার গ্রহণ করতে হবে।
সকালের নাস্তায় যা খাবেন
দিনের শুরুতে পুষ্টিকর ও সুষম নাস্তা গ্রহণ করা জরুরি। ডায়াবেটিস রোগীদের সকালের নাস্তায় একটি সেদ্ধ বা কম তেলে রান্না করা ডিম, বিভিন্ন ধরনের সবজি, সালাদ এবং পরিমিত পরিমাণ বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন, যা দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। অন্যদিকে শসা, টমেটো, গাজর ও অন্যান্য সবজির সালাদ শরীরে প্রয়োজনীয় আঁশ সরবরাহ করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। বাদামে থাকা স্বাস্থ্যকর চর্বি ও প্রোটিনও ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী।
দুপুরের খাবারে কী রাখবেন
দুপুরের খাবারে পর্যাপ্ত শাকসবজি ও সালাদ রাখা উচিত। এর সঙ্গে এক কাপ পরিমাণ লাল চালের ভাত খাওয়া যেতে পারে। সাদা চালের তুলনায় লাল চালে বেশি আঁশ থাকে, যা ধীরে ধীরে হজম হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়তে দেয় না।
প্রোটিনের উৎস হিসেবে মাছ বা চর্বিহীন মাংস রাখা যেতে পারে। মাছের মধ্যে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হৃদ্স্বাস্থ্যের জন্য উপকারী, যা ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
বিকেলের স্বাস্থ্যকর নাশতা
বিকেলে ক্ষুধা লাগলে চিনি ছাড়া এক কাপ গ্রিন টি পান করা যেতে পারে। এর সঙ্গে অল্প পরিমাণ বাদাম খাওয়া ভালো। গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য উপকারী এবং বাদাম দীর্ঘ সময় শক্তি জোগাতে সাহায্য করে।
তবে বিকেলের নাশতায় বিস্কুট, কেক, কোমল পানীয় বা অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
রাতের খাবারে হালকা খাবার
রাতের খাবার তুলনামূলক হালকা হওয়া উচিত। বিভিন্ন ধরনের সবজি, সবজি-ভিত্তিক তরকারি অথবা সবজির স্যুপ খাওয়া যেতে পারে। প্রয়োজনে এর সঙ্গে পরিমিত পরিমাণ প্রোটিনও যোগ করা যেতে পারে।
রাতে অতিরিক্ত ভাত, মিষ্টি বা ভারী খাবার খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। তাই ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে রাতের খাবার শেষ করার পরামর্শ দেওয়া হয়।
বিশেষজ্ঞদের পরামর্শ
বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস রোগীদের শুধু খাদ্য নির্বাচন করলেই হবে না, বরং নিয়মিত শারীরিক ব্যায়াম, পর্যাপ্ত পানি পান, পর্যাপ্ত ঘুম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনও সমান গুরুত্বপূর্ণ।
সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপন অনুসরণ করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং দীর্ঘমেয়াদে হৃদরোগ, কিডনি জটিলতা ও চোখের সমস্যার মতো ঝুঁকিও অনেকাংশে কমানো যায়। তাই প্রতিদিনের খাবার পরিকল্পনায় স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

